সাবেক রেলমন্ত্রীর দুপুরে রিমান্ড, বিকেলে স্থগিত

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা। আজ মঙ্গলবার দুপুরে এই আদেশ দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেলে সেই রিমান্ড স্থগিত করেছেন একই আদালত।

ইমরান হাসান নামের এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক শাহ আলম মিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে দুপুর ২টার দিকে তাকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে সুজনকে সঙ্গে নিয়ে আইনজীবী আদালতে এসে দাবি করেন, যে মামলায় সাবেক রেলমন্ত্রীর রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে, সেই মামলায় তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনটি শুনানি শেষে আগামীকাল বুধবার আদেশের জন্য রাখা হয়েছে।

সাবেক রেলমন্ত্রীর আইনজীবীর পক্ষ থেকে এ তথ্য জানার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রিমান্ড আদেশ স্থগিত করেন।

তবে যাত্রাবাড়ী থানায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি হত্যা মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। একই আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আগামী ২২ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষ থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট সকালে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,রাত ১২:৫২
  • ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন