অভয়নগরের শিক্ষার্থীরা টিফিনে পাবে পুষ্টিকর খাবার

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার অভয়নগর উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ হাজার ১৪৪ জন শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ শুরু করেছে উন্নয়ন সংস্থা ‘সুশীলন’। সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা প্রতিদিন টিফিনে পাবে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ।

রবিবার (২৯ মার্চ) উপজেলার নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রহমান, একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ অহিদুল ইসলাম লিপন, সুশীলনের উপজেলা ম্যানেজার রাজু আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা ক্ষুধা ও অপুষ্টির কারণে বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়ে বা এক পর্যায়ে ঝরে যায়। এই প্রবণতা রোধ ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত হবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে। পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু করা হবে বলে তিনি জানান।

স্বাগত বক্তব্যে মোল্লা হাবিবুর রহমান বলেন, স্কুল ফিডিং কর্মসূচি সরকারের একটি ব্যতিক্রমী উদ্যোগ। সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পুষ্টিকর বনরুটি, কলা ও সেদ্ধ ডিম সরবরাহ করছে সুশীলন। এজন্য তিনি সংস্থাটিকে সাধুবাদ জানান।

এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফর্টিফাইড বিস্কুট ও ইউএইচটি দুধও বিতরণ করা হবে, যা থেকে তারা প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিন পাবে। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে ঝরে পড়ার হার কমবে এবং একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ২:৩৩
  • ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১১ শাওয়াল, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন