
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের রইসপুর এলাকায় মৎস্য ঘের থেকে পানির পাম্পের মোটর ও নাইন্টি পাইপ চুরির অভিযোগ উঠেছে মিজানুর রহমান মিজান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ঘের মালিক সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদের রইসপুর গ্রামের ফসলি জমিতে থাকা সেচ বোরিংয়ের পানির পাম্প মোটর ও নাইন্টি পাইপ গত ৪ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে চুরি হয়। অভিযোগে চুরির ঘটনায় রইসপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান মিজানকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী আব্দুর রশিদ জানান, চুরি যাওয়া মোটর ও পাইপের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ছাড়া সেচ বোরিংয়ের পাইপলাইন ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। ঘটনার সময় জমির লিজগ্রহীতা আহম্মাদ আলী অভিযুক্ত ব্যক্তিকে দেখতে পান এবং বাধা দিলে তাকে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগেও রইসপুর এলাকার বিভিন্ন ঘের থেকে মোটর, ব্যাটারি ও মাছ চুরির ঘটনায় মিজানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রায় ১৫ দিন আগে ঘেরের বেড়িবাঁধ নির্মাণের জন্য রাখা ভেকু মেশিনের ব্যাটারি চুরির অভিযোগও করেন তারা। স্থানীয়দের অভিযোগ, মিজান রাতের বেলায় বিভিন্ন ঘেরে ঘোরাফেরা করেন এবং কেউ প্রতিবাদ করলে হুমকি দেন। তার বিরুদ্ধে মাদক সেবন ও ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনেরও অভিযোগ রয়েছে বলে জানান তারা। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মিজানুর রহমান মিজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দায়ের করা অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী আব্দুর রশিদ। এলাকাবাসীর দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।