
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়েছে। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়েছে, ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভা আয়োজনের কথা বলা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল, হাম্দ-নাত, স্বরচিত কবিতা পাঠ ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা যাবে। পাশাপাশি মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করতে বলা হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মসূচিগুলো বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। স্মারকটি স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখার উপসচিব মো. শামছুল আরিফ।